কুমিল্লায় লাঞ্ছনার মামলা করে নিরাপত্তাহীনতায় প্রকৌশলী!

কুমিল্লার দাউদকান্দিতে অফিস কক্ষে প্রবেশ করে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আহসান আলীকে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই প্রকৌশলী। এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা করার নয় দিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। এতে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) কুমিল্লা কেন্দ্রের নেতারা। গতকাল বুধবার দুপুরে আইইবি কুমিল্লা কেন্দ্রের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রহমত উল্লাহ কবির।

তিনি বলেন, গত ২ জুলাই দাউদকান্দির কয়েকজন ঠিকাদার ও তাদের লোকজন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আহসান আলীর অফিস কক্ষে প্রবেশ করে তাকে মারধরসহ লাঞ্ছিত করে। এ ঘটনায় গত ৬ জুলাই ওই প্রকৌশলী বাদী হয়ে ওমর ফারুক, আলমগীর কবির, রবিন, রুবেল, সানি হাসান, নাইমুর রহমানসহ সাত জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ ওমর ফারুক নামে একজনকে গ্রেফতার করলেও অপর আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এতে ভীতসন্ত্রস্ত ওই প্রকৌশলী ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় অফিসে আসছেন না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আইইবি নেতারা আরো বলেন, স্থানীয় ঠিকাদারদের একটি চক্রের হুমকিধমকির কারণে এর আগেও বেশ কয়েকজন প্রকৌশলী কর্মস্থল ছাড়তে বাধ্য হন। সংগঠনের নেতারা অবিলম্বে মামলার সব আসামিকে গ্রেফতার করে প্রকৌশলীদের কর্মস্থলে কাজের স্বাভাবিক পরিবেশ সৃষ্টির দাবি জানান। সংবাদ সম্মেলনে প্রকৌশলী মীর ফজলে রাব্বী ও প্রকৌশলী অধির রঞ্জনসহ অন্যরা উপস্থিত ছিলেন।