রাউজানে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় ও করোনায় আক্রান্ত রোগীদের ভোগান্তিহীন প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে প্রথম ৫০শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বেলা ৩টায় উপজেলা সুলতানপুর হাসপাতালে টেলি-কনফারেন্সের মাধ্যমে এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ, আইসোলেশন সেন্টারটির তত্ত্বাবধায়ক চিকিৎসক ফজল করিম বাবুল, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।
এসময় সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর পরামর্শে রাউজানের সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্টি হাসপাতালকে ৫১ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করার উদ্যোগ নেন সাংসদ পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারাজ করিম চৌধুরী।
আইসোলেশন সেন্টারটির তত্ত্বাবধায়ক চিকিৎসক ফজল করিম বাবুল দৈনিক ইত্তেফাককে বলেন, আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্তদের বিনামূল্যে খাবার, অক্সিজেন, ঔষধ সহ সকল প্রকার প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। ইতোমধ্যে ৯ চিকিৎসক, ৯ জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। তাদের সহযোগিতায় রয়েছে একটি স্বেচ্ছাসেবী টিম।
ইত্তেফাক/এমএএম