অভ্যন্তরীণ বাজার থেকে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান কাঙ্ক্ষিত গতিতে হচ্ছে না বলে জানিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি চালকল মালিকদের উদ্দেশ্যে বলেন, চালের বাজার স্থিতিশীল রাখেন, চুক্তি অনুযায়ী সরকারের গুদামে চাল সরবরাহ করেন। যদি তা না করেন, কালো তালিকাভুক্ত করা হবে, সরকার চাল আমদানিতে যেতে বাধ্য হবে। ইতিমধ্যে চাল আমদানির অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে ফাইল পাঠানো হয়েছে ।
গতকাল বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী তার রাজধানীর মিন্টো রোডস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন খাদ্যসচিব ডক্টর মোছাম্মত্ নাজমানারা খানুম।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চলমান কাজগুলো সেভাবে হচ্ছে না। কিন্তু অচিরেই নতুন করে পুরোদমে কার্যক্রম শুরু করা হবে। কেউ যেন ভেজাল খাদ্য তৈরি ও বিক্রি করতে না পারে সেদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মন্ত্রী জেলায় জেলায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরি তৈরির ওপর জোর দেন।