হংকংয়ের বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

চীনের নিরাপত্তা আইন পাসের জেরে হংকংয়ের বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে হংকংকে মূলভূখ্ল চীনের মতো করেই বিবেচনা করা হবে বলে উল্লেখ করেছেন ট্রাম্প। খবর বিবিসির

হংকংয়ের নিরাপত্তা আইন প্রণয়ণের সঙ্গে যুক্ত চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করার একটা আইনেও স্বাক্ষর করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চীন।   হোয়াইট হাউজের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তার নির্বাহী আদেশ হংকংয়ের বিশেষ সুবিধার ইতি ঘটবে। বিশেষ সুবিধা থাকবে না, বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা থাকবে না এবং স্পর্শকাতর প্রযুক্তি রপ্তানি হবে না। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তারা। চীন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধেও পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।