অদ্ভুত যুদ্ধপোশাক তোমার

কী অদ্ভুত যুদ্ধপোশাক তোমার

ভুল করে ভাবি নভোচারী

 

নভোমণ্ডল থেকে নয়, আসছে পাতাল থেকে

অজস্র অদৃশ্য আজরাইল

হাসপাতালের ওয়ার্ডে করিডোরে বারান্দায়

আইসিইউ শয্যায় শুধু মৃত্যুর উত্সব!

কেবল মানুষই লক্ষ্যবস্তু ক্ষুদ্রতম দানবের

সৃষ্টিসেরা সৃষ্টিশীল আজ নিকৃষ্ট-কব্জায়

 

ওদের দু’পায়ে দ’লে

ওদের বিষম ঠেলে

সরিয়ে মাড়িয়ে

হেঁটে যাচ্ছো তুমি সূর্য বরাবর

এরকম দৃশ্যকল্প ভেসে ওঠে মানসপর্দায়

আমি স্বস্তি পাই, আমি বেঁচে উঠি

 

কতোকাল তুমি সন্তানের মুখ ছোঁও না

কতোযুগ প্রিয়তমা স্বামীসুখ বঞ্চিতা!

শনিবার রবিবার নেই প্রতিদিন প্রতিক্ষণ

অদৃশ্য শত্রুর সঙ্গে লড়ে যাচ্ছো

সময়ের সাহসী সন্তান তুমি জীবনের সহোদর

যে ঘরটিতে ঘুরঘুর করছে আজরাইল

সেখানে তোমার নিরলস রাত্রিদিন

 

সাহসী সুন্দর ত্রাতা, রোগমুক্তি-যোদ্ধা

খুলে ফেলো দস্তানা তোমার

আমাকে দেখতে দাও

চুপসানো নির্জীবপ্রায় হাত দুটো

মানবিক মৃত্যুঞ্জয় দুটি হাতে

আমাকে একটিবার চুম্বন করতে দাও

 

কী সুন্দর যুদ্ধপোশাক তোমার

ভুল করে ভাবি নভোচারী

হে শুদ্ধ স্বপ্নচারী!