শ্রাবণ মেঘের বাড়ি

রুমঝুমাঝুম রুমঝুমাঝুম

বৃষ্টিনূপুর বাজে—

মন বসে না পাঠে খুকুর

মন বসে না কাজে।

 

টাপুরটুপুর টাপুরটুপুর

বৃষ্টিঝরা গান—

কদম-কেয়া ফুটলো হেসে

উঠলো নেচে প্রাণ।

 

ছলাত্ ছলাত্ ছলাত্ ছলাত্

ভরা গাঙের জল—

ময়ুরপঙ্খী নাও বেয়ে যায়

গায়েন মাঝির দল।

 

পদ্মঝিলে হাওড়-বিলে

নামছে বকের সারি—

বৃষ্টি নামে দৃষ্টি ছুঁয়ে

শ্রাবণ মেঘের বাড়ি।