বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খালে বিষ দিয়ে মাছ আহরণকালে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪ বোতল বিষসহ ইমরান হোসেন (২০) নামে এক জেলেকে আটক করেছে বন বিভাগ। সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বনরক্ষীরা নিয়মিত টহল দেয়ার সময় বেদ্যমারী সংলগ্ন চাঁদপাই রেঞ্জের খালে মাছ ধরতে এক জেলেকে দেখতে পায়। এসময়ে ৪ বোতল বিষসহ তাকে আটক করা হয়। ইমরান হোসেন নামে আটক এই জেলে বাগেরহাটের মোংলা উপজেলার ফেলুরখন্ড এলাকার ইসহাক হোসেনের ছেলে। শুক্রবার সকালে আটক এই বিষ সন্ত্রাসীকে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হবে।
ইত্তেফাক/আরকেজি