দুনিয়া জুড়ে চলতে থাকা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের ডাক দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। কিন্তু দক্ষিণ আফ্রিকায় সাদারাও নির্যাতিত হয় এই অজুহাতে তার সমালোচনা করেছিলেন প্যাট সিমকক্সের মতো অনেকে। এক দিন আগেই নিজের পাশে ৩১ জন ক্রিকেটার-কোচকে পেয়েছেন এনগিডি। বোর্ডকে এক চিঠি দিয়েছেন সাবেক ও বর্তমান ৩১ জন ক্রিকেটার ও কোচ। এর মধ্যে মাখায়া এনটিনি, ভারনন ফিল্যান্ডার, জেপি ডুমিনি, হার্শেল গিবস, ওয়েন পারনেলের মতো ক্রিকেটার আছেন। এবার এনগিডির এই আন্দোলনের পাশে দাঁড়ালেন হাশিম আমলা। ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, তিনি এনগিডিকে ধন্যবাদ দিচ্ছেন এই ব্যাপারে উচ্চকণ্ঠ হওয়ায়। আর নিজে বলেছেন, ‘কালোর ওপর সাদার বা সাদার ওপর কালোর বা কোনো মানুষের ওপর কোনো মানুষের শ্রেষ্ঠত্ব আছে, এটা একটা ভ্রান্ত ধারণা।’