যুব দলের ক্যাম্প বিকেএসপিতে

চলতি বছরের শুরুতে বাংলাদেশকে বিশ্বসেরার স্বীকৃতি, গৌরব এনে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আকবর আলীর নেতৃত্বে আইসিসি যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। যুব বিশ্বকাপের পরের আসর অনুষ্ঠিত হবে ২০২২ সালে, ওয়েস্ট ইন্ডিজে। আকবরদের কীর্তি পেছনে ফেলে নতুন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠন প্রক্রিয়ায় সক্রিয় হচ্ছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। অনেকটাই শেষ পর্যায়ে আসার পর করোনার ধাক্কায় গত মার্চে স্থগিত হয়ে যায় যুব দল গঠনের কাজ।

প্রায় পাঁচ মাস বিরতির পর আগামী আগস্টে আবারও যুব দল চূড়ান্ত করার কাজ শুরু হবে। এমনই পরিকল্পনা করছে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। বিকেএসপিতে হতে পারে দলটির আবাসিক ক্যাম্প। কোয়ারেন্টাইন করে পরিচালিত হবে ক্যাম্প। সেখানে ক্রিকেটারদের সঙ্গে নির্বাচক, কোচরাসহ পুরো ম্যানেজমেন্টই অবস্থান করবে। এবং তৈরি হবে আকবরদের উত্তরসূরিরা।

সম্প্রতি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বয়সভিত্তিক দলের নির্বাচক, গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজারকে নিয়ে মিটিং করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান সুজন বলেছেন, আগস্টেই আবারও শুরু করতে চান যুব দলের কার্যক্রম।

ক্যাম্প শুরুর সুনির্দিষ্ট তারিখ অবশ্য ঘোষণা করেননি সুজন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এখন সময় দেওয়াটাই বোকামি। তার পরেও তো মাথায় একটি টাইম নিয়ে এগুতেই হয়। তো ঠিক করেছি যে আগস্টের মাঝামাঝি বা শেষে কোয়ারেন্টাইন করতে পারি অ-১৯ দলের ছেলেদের নিয়ে বিকেএসপিতে ক্যাম্প করার চিন্তা করছি। বিকেএসপিতে আমাদের ইন্টারন্যাশনাল যে হোস্টেল আছে সেটা যদি পুরোটাই পেয়ে যাই ওখানেই কোয়ারেন্টাইন করে চার সপ্তাহের একটি ক্যাম্প করতে পারি। ওখানেই ট্রেনিং হবে। আমাদের নির্বাচকসহ সবাই ওখানে থাকবে। যেহেতু ওয়াইসিএল (ইয়ুথ ক্রিকেট লিগ) এর ওয়ানডে টুর্নামেন্টটা হয়নি সে কারণে অ-১৯ দল নির্বাচনও হয়নি।’