ইংল্যান্ডে সিরিজ খেলতে যাওয়াটা এখনো নিশ্চিত নয়। কিন্তু অনুশীলনের প্রস্তুতি নিতে শুরু করেছে অস্ট্রেলিয়া দল। এই উপলক্ষ্যে ঘোষণা করেছে তারা দল। আর ২৬ জনের দলে ঠাঁই হয়েছে বিগ ব্যাশে নজরকাড়া তিন পারফরমার জশ ফিলিপস, রাইলি মেরেডিথ ও ড্যানিয়েল স্যামস। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও এই স্কোয়াডে জায়গা পেয়েছেন উসমান খাওয়াজা ও মার্কাস স্টয়নিস। গত বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর প্রথমবারের মতো রঙিন পোশাকের স্কোয়াডে ডাক পেয়েছেন ট্রাভিস হেড।
ফিলিপস, মেরেডিথ ও স্যামস পুরস্কার পেয়েছেন গত বিগ ব্যাশে ভালো পারফরম্যান্সের। ফিলিপসকে এই মুহূর্তে মনে করা হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে সম্ভাবনাময় তরুণদের একজন। ৩০ উইকেট নিয়ে স্যামস ছিলেন গত বিগ ব্যাশের সর্বোচ্চ উইকেট শিকারি। দলে না থাকাদের মধ্যে উল্লেখযোগ্য নাম শন মার্শ, ন্যাথান কোল্টার-নাইল, পিটার হ্যান্ডসকম, জেমস প্যাটিনসন ও অ্যাশন টার্নার। দুই পেসার জেসন বেহরেনডর্ফ ও জাই রিচার্ডসন জায়গা পাননি চোটের কারণে। রাজ্য দলের চুক্তি হারালেও এই স্কোয়াডে আছেন পেসার অ্যান্ড্রু টাই।