বন্যার্তদের সাহায্য করুন

সিরাজগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল ও লালমনিরহাটসহ বিভিন্ন জেলার কয়েক লাখ মানুষ আজ পানিবন্দি। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি গত ৩২ বছরের রেকর্ড ভঙ্গ করেছে। যমুনা নদীর প্রবল স্রোতে এই জেলার শিমলা ২ নং স্পারবাঁধের প্রায় ৭০ মিটার নদীতে ধসে গেছে। জামালপুর জেলার ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটাসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। ধরলা ও তিস্তার পানি বৃদ্ধির ফলে ভাটিতে থাকা লালমনিরহাট  জেলার সদর, হাতিবান্ধা,  কালীগঞ্জ, আদিতমারী উপজেলার প্রায় ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এইসব এলাকায় পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে। সুপেয় পানির উত্সগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আবাসস্থলের সঙ্গে গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। রাস্তাগুলো নষ্ট হয়ে যাওয়ায় যাতায়াতব্যবস্থা নাজুক। জীবিকার কোনো ব্যবস্থা না থাকায় এইসব এলাকার মানুষ অসহায়ভাবে দিন কাটাচ্ছে। বৃদ্ধ এবং শিশুরা আছে মারাত্মক ঝুঁকিতে। এ অবস্থায়, প্রশাসনসহ সমাজের বিত্তশালী ব্যক্তিদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

মো. আফসারুল আলম মামুন

পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়