গোবিন্দের নতুন নায়িকা

গত ১৫ অক্টোবর ছিল তার জন্মদিন। সেদিন দিগঙ্গনা সূর্যবংশী ২১ বছরে পা রেখেছেন। বলিউডের এই নতুন মুখ এদিন দারুণ এক অভিজ্ঞতা অর্জন করেছেন। জন্মদিনের আগে, অর্থাত্ ১২ অক্টোবর একসঙ্গে দিগঙ্গনা অভিনীত দুটি হিন্দি সিনেমা ‘ফ্রাইডে’ ও ‘জালেবি’ মুক্তি পেয়েছে। দুটি সিনেমাতেই তাকে প্রধান নারী চরিত্রে দেখা গেছে। ‘ফ্রাইডে’-তে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন বলিউডের একসময়ের জনপ্রিয় সুপারস্টার গোবিন্দকে। এত বড় একজন তারকা অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়াটা দিগঙ্গনার জন্য নিশ্চয় এক বিরাট অর্জন। ‘সিনেমাটিতে কাস্ট হওয়ার সময়ও আমি জানতাম না এখানে কার সঙ্গে আমাকে অভিনয় করতে হবে। একদিন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একজন কৌতুক করে জানায় ‘ফ্রাইডে’-তে আমাকে গোবিন্দের বিপরীতে অভিনয় করতে হবে। শুরুতে আমার বিশ্বাস হচ্ছিল না। পরবর্তী সময়ে যখন জানলাম, সত্যি সত্যি আমাকে গোবিন্দের সঙ্গে অভিনয় করতে হবে, আমি বেশ নার্ভাস হয়ে পড়েছিলাম। নার্ভাসনেস কাটাতে ছবির পরিচালক গোবিন্দের সঙ্গে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেন। তার মুখোমুখি হতেই আমার সব ভয়ভীতি নার্ভাসনেস কেটে যায়। সেই থেকে তার সঙ্গে আমার চমত্কার সম্পর্ক গড়ে উঠেছে,’ বলেন দিগঙ্গনা সূর্যবংশী। এবারের জন্মদিনটি ভিন্নভাবে কেটেছে তার। কারণ ওই সপ্তাহে একসঙ্গে নিজের অভিনীত দুটি নতুন সিনেমা রুপালি পর্দায় এসেছে। জন্মদিনে ‘ফ্রাইডে’ ছবির প্রধান তারকা গোবিন্দসহ ছবির  শিল্পী-কলাকুশলীরা মুম্বাইয়ের জুহ বিচে জমজমাট পার্টির আয়োজন করেছিলেন। গোবিন্দ দিগঙ্গনাকে সঙ্গে নিয়ে নেচেছেন, হুই-হুলেল্লাড় করেছেন, যা তাকে অভিভূত করেছে। উচ্ছ্বসিত দিগঙ্গনা বলেছেন, ‘এবারের জন্মদিনটি ছিল আমার জন্য সবচেয়ে সেরা, আমার মন ভরে গেছে অনেক কিছু পাওয়ার আনন্দে।’ যারা টিভি পর্দায় হিন্দি সিরিয়ালের নিয়মিত দর্শক, তাদের নিশ্চয়ই স্টার প্লাস চ্যানেলে প্রচারিত জনপ্রিয় সিরিয়াল ‘এক ভির কি আবদাস :ভিরা’র কথা মনে আছে। যেখানে কেন্দ্রীয় চরিত্র ‘ভিরা’র ভূমিকায় রূপদানকারী দিগঙ্গনা দর্শকের হূদয়ে প্রবল নাড়া দিয়েছিলেন। এ ছাড়া তাকে আরও বেশ কিছু টিভি সিরিয়ালে দেখা গেছে। এর মধ্যে ‘শকুন্তলা’, ‘বালিকা বধূ’, ‘রুক জানা নাহিন’, ‘কবুল হ্যায়’ প্রভৃতি উল্লেখযোগ্য। ‘বিগ বস নাইন’-এ একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন দিগঙ্গনা। এ ছাড়াও বক্স ক্রিকেট লিগ প্রতিযোগিতায়ও একজন অংশগ্রহণকারী ছিলেন। এত কম বয়সে একজন ঔপন্যাসিক হিসেবেও আত্মপ্রকাশ করে চমক সৃষ্টি করেছেন দিগঙ্গনা। ইতোমধ্যে দিগঙ্গনার লেখা দুটি উপন্যাস ‘নিক্সি :দ্য মারমেইড’ ও ‘দ্য পাওয়ার অব লাভ’ প্রকাশিত হয়েছে। গত মাসে একসঙ্গে অভিনীত দুটি সিনেমা মুক্তির পর আগামীকাল আবার দিগঙ্গনা অভিনীত আরও একটি হিন্দি সিনেমা ‘রঙিলা রাজা’ মুক্তি পাচ্ছে। কমেডি ধাঁচের সিনেমাটিতেও আবারও গোবিন্দের মতো জনপ্রিয় সিনিয়র তারকা অভিনেতাকে পাশে পেয়েছেন এই নবাগতা। বলিউডের প্রখ্যাত প্রযোজক পরিচালক পেহলাজ নিহালনি এ ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। তিনি এ ছবির প্রযোজকও। প্রবীণ পরিচালক সিকান্দার ভারতী পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন শক্তি কাপুর, প্রেম চোপড়া, গোবিন্দ নামদেওরের মতো সিনিয়র অভিনেতারা। ‘রঙিলা রাজা’ ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। তাকে আলাদা আলাদা চারটি চরিত্রে দেখা যাবে। এ ছবিতে গোবিন্দের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তার অর্ধেকেরও কম বয়সী তন্বী অভিনেত্রী দিগঙ্গনা। ৫৪ বছর বয়সী অভিনেতা গোবিন্দের বিপরীতে নায়িকা সাজতে অস্বস্তি বোধ করেননি? এ প্রশ্নে দিগঙ্গনা বলেন, ‘আমি আমার অভিনীত চরিত্রে মিশে যেতে আন্তরিক ছিলাম। গোবিন্দজি আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন।’ গোবিন্দ বলিউডের বহু জনপ্রিয় নায়িকার বিপরীতে অভিনয় করে এসেছেন। এবার দিগঙ্গনার মতো একজন কমবয়সী নায়িকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথমে মেয়েটিকে নিয়ে আমার মনে শঙ্কা ছিল। ভেবেছিলাম কতবার যে শট নিতে হবে, কিন্তু দিগঙ্গনা আমাকে অবাক করেছে প্রথম দিনেই, তার সাথে আমার দৃশ্যগুলো সহজেই ওকে হয়েছে। মেয়েটির মধ্যে অনেক সম্ভাবনা আছে।’