করোনা পরিস্থিতিতে চার মাস ধরে বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্রীক সব ব্যবসা। ফলে এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবারে চরম দুর্দিন চলছে। কক্সবাজারে করোনায় ক্ষতিগ্রস্ত এমনই ৪৩৩ জন ক্ষুদ্র পর্যটন ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসক ও কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মো. কামাল হোসেন এ সহায়তা হস্তান্তর করেন। কোভিড-১৯ পরিস্থিতিতে ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ করেন তিনি। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে করোনায় বিপর্যস্ত পর্যটন সংশ্লিষ্ট দুস্থ ব্যবসায়ীদের এ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) ইমরান জাহিদ।