করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি

গত বছরের শেষে চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে দেশটির অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ে। তবে এক বছরেরও কম সময়ের মধ্যেই করোনার ধাক্কা সামলে নিয়ে দেশটির অর্থনীতিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। বছরের দ্বিতীয় এক-চতুর্থাংশে ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে চলতি বছরের প্রথম তিন মাস অর্থনীতি নিম্নমুখী ছিল। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে লকডাউন চলায় এর প্রভাব পড়েছিল দেশটির অর্থনীতিতে। তবে এপ্রিল থেকে জুন মাসে জিডিপিতে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত কয়েক মাসের প্রচেষ্টায় চীন করোনার ধাক্কা সামলে উঠতে সক্ষম হয়েছে। এমনকি দেশটির অর্থনীতিও চাঙ্গা হতে শুরু করেছে।

করোনার প্রাদুর্ভাবের সময় লকডাউনের কারণে দেশটির বিভিন্ন ফ্যাক্টরি এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে করোনার প্রকোপ যখন কমতে শুরু করল, তখন দেশের অর্থনীতিকে গতিশীল করতে ধীরে ধীরে কড়াকড়ি শিথিল করা হয়। বিশেষজ্ঞরা যা ধারণা করেছিলেন, লকডাউন শেষে চীনের অর্থনৈতিক অবস্থা তার চেয়েও কম সময়ে ভালো হতে শুরু করেছে।  সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের অর্থনীতি গত  জুন থেকেই করোনার ধকল কাটিয়ে উঠতে শুরু করে। তবে দেশটির খুচরা বাজারের ক্ষেত্রে তুলনামূলক অগ্রগতি এখনো কম।