শ্রদ্ধা ও ভালোবাসায় করোনায় মৃতদের স্মরণ করল স্পেন। গতকাল রাজধানী মাদ্রিদের রয়্যাল প্যালেসে এই স্মরণানুষ্ঠান হয়। এদিন শুধু তাদের স্মরণ করাই নয়, বরং যারা এই লড়াইয়ে সর্বক্ষণ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানানো হয়।—এএফপি ও পলিটিকো
স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়ার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, স্প্যানিশ রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা রয়্যাল প্যালেসের এই অনুষ্ঠানে যোগ দেন। মহামারিতে মৃতপ্রায় ১০০ জনের আত্মীয়স্বজন সেখানে ছিলেন। প্রায় ৪০০ জন শোকার্ত হূদয়ে মৃতদের শ্রদ্ধা জানান। সবচেয়ে বড় বিষয় যে, এখানে আগত অতিথিরা সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠানে যোগ দেন। তাদের মুখে ছিল কালো মাস্ক এবং মৃতদের স্মরণে জ্বালানো আগুন ঘিরে তারা বসেছিলেন। জ্বলন্ত আগুনের সামনে তারা ফুল দিয়ে মৃতদের সম্মান জানান। নিহতদের এক স্বজন জানান, আমরা এখানে এসেছি যারা মারা গেছেন শুধু তাদের প্রতি সম্মান জানানোই মুখ্য নয়, এখনো যারা আমরা এর ভয়াবহ ঝুঁকিতে রয়েছি, তাদের বাঁচাতে আরো জোরালো পদক্ষেপ নিতে হবে। কারণ আমরা জানি না সামনে আমাদের জন্য কত ভয়ানক জিনিস অপেক্ষা করছে। এটা একটা নীরব ঘাতক, আমাদের একে জয় করতেই হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ, ইইউ ইনস্টিটিউশনের তিন প্রেসিডেন্ট ও ইইউর বৈদেশিক নীতির প্রধান জোসেপ বোরেল।