নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার বাহার উদ্দিন (৪৩) নিহত হয়েছে। এ সময় ছয়টি আগ্নেয়াস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বুড়িরচর ইউনিয়নের আসকা বাজারসংলগ্ন সূর্যমুখী খালে এ ঘটনা ঘটে। বাহার উদ্দিন হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারকৃতরা হলেন—রাজবাড়ী জেলার কালিয়াকান্দি উপজেলার মাতলাখালী গ্রামের শাহাদাত শেখের ছেলে শান্ত শেখ, হাতিয়ার নিঝুমদ্বীপের ইউছুফ, হাতিয়ার বয়ারচরের শান্তিপুর গ্রামের আলা উদ্দিন ও হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুরাদ।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দন চৌধুরী পি পি এম জানান, গতকাল ডাকাতির খবর পেয়ে র্যাবের একটি দল সূর্যমুখী খালে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। পরে আহত অবস্থায় একজন ও ট্রলারের মধ্যে থাকা চার জনকে গ্রেফতার করে র্যাব। আহত ডাকাত সদস্যকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। এ সময় পিসি নেওয়াজ ও এএসআই জাকির নামে দুই র্যাব সদস্য আহত হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা করেছে। গ্রেফতারকৃতরা জানান, বাহার তাদের লিডার।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ডাকাত সর্দার বাহারের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলা সদরে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।