হবিগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যায় দুই চাচা গ্রেফতার

বানিয়াচংয়ের ছাত্রলীগ নেতা আব্দুর রউফ হত্যার ঘটনায় পাঁচ দিন পর  তার দুই চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তৈয়ব আলী (৩৮) ও রফিকুল ইসলাম রবি (৩৫) কে বাঘহাতা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।  নিহতের মা জরিনা বেগম বাদী হয়ে চার চাচার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ স্থানীয় আনন্দবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

পুলিশ সূত্র জানায়, বানিয়াচং উপজেলার বাঘহাতা গাজীপুর গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুর রহমানের একমাত্র ছেলে কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আব্দুর রউফ (২৬) গত শনিবার বিকালে বাড়ি থেকে বের হলে আর ফিরেননি। পরদিন রবিবার সকালে গ্রামের পার্শ্ববর্তী জুয়াইল্যা নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. এরশাদ আলী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পরদিন সোমবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার মা জরিনা বেগম বাদী হয়ে নিহতের চাচা তৈয়ব আলী, রফিকুল ইসলাম রবি , শুকুর আলী (৪০) ও চাচাতো চাচা শাহাজ উদ্দিন শাহার (৪৫) বিরুদ্ধে বুধবার রাতে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, আব্দুর রউফ পরিবারের সঙ্গে পুকুর নিয়ে তার চাচাদের বিরোধ রয়েছে বলে মামলায় বাদী উল্লেখ করেছেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে তৈয়ব আলী ও রফিকুল ইসলাম রবিকে গ্রেফতার করে। নিহত আব্দুর রউফ শচীন্দ্র কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।