করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের জন্য জরুরি ভিত্তিতে ২ হাজার কোটি টাকা বরাদ্দ, মুক্তিযোদ্ধাদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সা ও স্বাস্থ্যসেবায় নৈরাজ্য বন্ধসহ বিভিন্ন দাবিতে পদযাত্রা করেছে মুক্তিযুদ্ধের চেতনার ১২টি সংগঠন। এই দাবি আদায়ে জনগণকে সম্পৃক্ত করতে প্রতি সপ্তাহে পদযাত্রা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম রেল স্টেশন থেকে লালদীঘির পাড়স্থ জেলা পরিষদ মার্কেট পর্যন্ত পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে এই দাবি জানানো হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও মোহাম্মদ জয়নুদ্দিন জয়ের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান। সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, অরুণ দাশ সাথী, আজম সাদেক, সোলায়মান খান, মশিউর রহমান খান, মুক্তিযোদ্ধার সন্তান মো. সরওয়ার আলম চৌধুরী মনি, আসমা আক্তার, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, অপূর্ব নাথ, বেলাল হোসেন, আনজুয়ারা, দীপা মজুমদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহফুজুর রহমান বলেন, চট্টগ্রামে ১০ হাজার বেডের আইসোলেশন সেন্টার স্থাপন, আইসোলেশন সেন্টারে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স ব্যবস্থা, আইসোলেশন সেন্টারে কোভিড টেস্টের ব্যবস্থা, প্রতিটি আইসোলেশন সেন্টারে দুই থেকে তিনটি করে পিসিআর মেশিন স্থাপন, জেনেক্সপার্ট মেশিন স্থাপন করা, আইসোলেশন সেন্টার থেকে হাসপাতালে সহজে ভর্তির সুযোগ দান, সব হাসপাতালে কোভিড নন-কোভিড রোগীর চিকিত্সা নিশ্চিত করা, সব সরকারি আধা-সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও সব সরকারি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরসহ আইসিইউ বেড বাড়াতে হবে।