রেড জোন থেকে ওয়ারী এলাকাকে সবুজ চিহ্নিত করাই আমাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এজন্য তিনি আাাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ওয়ারিতে আরো কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নগর ভবনে ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির ২য় পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেন তিনি।
এ সময় তিনি লকডাউনকৃত এলাকার বাসিন্দাদের আরো কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ এই লকডাউন কার্যকরে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, জনগণকে আরো বেশি পরিমাণে স্যাম্পল দিতে সচেতন করুন। লকডাউন শুরুর সময়কার সংক্রমণের হার এবং বর্তমান সংক্রমণের হার প্রায় একই, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। তাই যে সব বাসাবাড়িতে এখন পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত রোগী রয়েছে, সে সব বাড়ির বাসিন্দারা যাতে বাড়ির বাইরে যেতে না পারেন, সেটাও নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, লকডাউন শুরুর সময়কার সংক্রমণের হার ছিল ৪০ শতাংশ বর্তমানেও তা প্রায় ৪০ শতাংশ। এছাড়াও স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে প্রতিদিন ৬০০ লোককে তিন বেলা খাবার সরবরাহ করা হচ্ছে এবং প্রতিদিন সকালে প্রায় ৩০০ পরিবারের মধ্যে বিনা মূল্যে সবজি সরবরাহ করা হচ্ছে।