বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৩৭০ শয্যার করোনা সেন্টারে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৩৭০ রোগী চিকিত্সাসেবা নিয়েছেন এবং কর্তব্যরত চিকিত্সকের পরামর্শ অনুযায়ী উক্ত সময় পর্যন্ত ভর্তি হয়েছেন ২১৮ রোগী। ভর্তিকৃতদের মধ্যে ৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিএসএমএমইউয়ের ৩৭০ শয্যার করোনা সেন্টারের চিকিত্সাসেবা প্রদান ও রোগী ভর্তি ২৪ ঘণ্টাই চালু রয়েছে । গত শনিবার এ সেন্টারে রোগী ভর্তি শুরু হয়।
এদিকে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া অত্র বিশ্ববিদ্যালয়ের করোনা সেন্টারে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সাসেবা প্রদানকারী ফ্রন্টলাইনযোদ্ধা সম্মানিত শিক্ষক, চিকিত্সকবৃন্দের সঙ্গে এক মতবিনিময় করেন। এ সময় সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম উপস্থিত ছিলেন। মতবিনিময়ে উপাচার্য শিক্ষক, চিকিত্সকবৃন্দকে মনোবল না হারিয়ে সাহসিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানান ।
অন্যদিকে গতকাল পর্যন্ত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে ৩৩ হাজার ৬৩ রোগীর স্যাম্পল সংগ্রহ এবং ১৫ জুলাই পর্যন্ত ৩২ হাজার ৩৪৮ রোগীর পরীক্ষা (টেস্ট) সম্পন্ন হয়েছে। গত ১ এপ্রিল বেতার ভবনে করোনা ভাইরাস ল্যাবরেটরি চালু করা হয়।