সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাত্, ক্ষমতার অপব্যবহার, প্রকল্পে অনিয়ম, ভুয়া রেজুলেশন দাখিল, ইউপি সদস্যদের ক্ষমতা খর্ব করাসহ নানা অভিযোগ পাওয়া গেছে। ঐ ইউনিয়নের ১২ ইউপি সদস্যের মধ্যে ১১ জনই চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং ঢাকা জেলা প্রশাসক বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ গত ১২ জুলাই দায়ের করেছেন। ইউনিয়নের ৬ নম্বর ইউপি সদস্য আলাউদ্দিন জানান, চার বছর যাবত আমাদের কোনো সম্মানী ভাতা পরিষদ থেকে দেওয়া হয়নি। এছাড়া ১% কাবিখা, টিআর, এডিপি, এলজিএসপি-এর কাজের ভুয়া কাগজপত্র দাখিল করেছেন, যার কোনো রেজুলেশন নেই। অভিযোগের বিষয়ে বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মোবাইল ফোনে বলেন, এসব অভিযোগ সত্য নয়। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারাই এসব করাচ্ছে।