কাউখালী উপজেলা সদরের সঙ্গে চারদিক নদীবেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী খেয়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের ফেরি সার্ভিসটি পুনরায় আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আজ শুক্রবার বিকালে আনোয়ার হোসেন মঞ্জু এমপি উদ্বোধন করবেন।
এরই মধ্যে কাউখালী স্টিমার ঘাট সংলগ্ন ও আমরাজুড়ির সোনাকুর ফেরিঘাটে দুটি নতুন পন্টুন স্থাপন করা হয়েছে, আনা হয়েছে নতুন ফেরি। ফেরিঘাটে যানবাহন ওঠা-নামায় নির্মাণ করা হয় অ্যাপ্রোচ রোড।
দীর্ঘদিনের দাবির পর অবশেষে কাউখালী থেকে সন্ধ্যা নদীর অপর প্রান্তের সয়না রঘুনাথপুর, আমরাজুড়ি ইউনিয়নের জনসাধারণসহ জেলা সদরের কলাখালী, শ্রীরামকাঠী বন্দর এবং পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতিসাধিত হবে।
কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু জানান, ফেরি সার্ভিস উদ্বোধন করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। উদ্বোধনের পর কাল শনিবার থেকেই স্বাভাবিকভাবে সব ধরনের যানবাহন চলাচল শুরু হবে ফেরি সার্ভিসের মাধ্যমে।
১৯৯৬ সালে তত্কালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাউখালীর চারদিক নদীবেষ্টিত দুটি ইউনিয়নের জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোনাকুর-কাউখালী খেয়াঘাটে ফেরি সার্ভিস চালু করেছিলেন। পরবর্তী সরকার ক্ষমতায় এসে ফেরি সার্ভিসটি বন্ধ করে দেয়।