লোহাগাড়া ও গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

লোহাগাড়া ও গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাদের মৃত্যু হয়। সংবাদদাতার পাঠানো খবর-

লোহাগাড়া (চট্টগ্রাম): লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জাহাঙ্গীর আলম (২৯) নিহত ও মো. আরিফ আহত হয়েছেন। গতকাল উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিট সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মো. জাহাঙ্গীর আলম লোহাগাড়া উপজেলার চুনতি হাজির রাস্তা এলাকার কাজীপাড়ার মৃত জালাল আহমদের পুত্র এবং মোবাইল মার্কেটের আল মক্কা টেলিকমের স্বত্বাধিকারী। আরিফকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. ইয়াছির আরাফাত জানান, গণমাধ্যমকর্মীদের কাছ থেকে তিনি দুর্ঘটনার কথা জেনেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 গৌরনদী (বরিশাল): ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আহত বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের মাহিন্দ্রা চালক আব্দুর রশিদ আকন (৫০) শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মারা যান। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় সড়কের ওপর রাখা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মাহিন্দ্রা চালক রশিদ।