রেল প্রকল্প থেকে ভারতকে বাদ দেওয়ার খবর ভিত্তিহীন :ইরান

রেল প্রকল্প থেকে ভারতকে বাদ দেওয়ার খবর ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। দেশটির বন্দর সংক্রান্ত শীর্ষ কর্মকর্তা ফরহাদ মনতাসের বুধবার জানান, চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেল প্রকল্প থেকে ভারতকে বাদ দেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। কারণ এই বিষয়ে ভারতের সঙ্গে ইরানের কোনো চুক্তি হয়নি। তিনি আরো জানান, চাবাহার বন্দরে ভারতের বিনিয়োগ নিয়ে নয়াদিল্লির সঙ্গে দুইটি চুক্তি স্বাক্ষর করেছে তেহরান। প্রথম চুক্তিটি বন্দরের যন্ত্রপাতি ও সরঞ্জাম সংক্রান্ত। দ্বিতীয়টি হচ্ছে, বন্দরের নির্মাণে ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ। এছাড়াও মনতাসের স্পষ্ট করেই জানান যে, চাবাহারে ভারত-ইরান সহযোগিতার সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার কোনো সম্পর্ক নেই। -আলজাজিরা