আমিরাত ও লন্ডন ছাড়া সব গন্তব্যে ফ্লাইট বাতিল বিমানের

গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনস তিনটি গন্তব্য ছাড়া সব আন্তর্জাতিক রুটে আগামী ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে। বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে দুবাই, আবুধাবি ও লন্ডন ছাড়া সব গন্তব্যে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হলো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। করোনা পরিস্থিতির উন্নতিসাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে ৩১ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও কুয়ালালামপুরে এবং বাকি সব আন্তর্জাতিক রুটে ৩১ জুলাই পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়। বিমান সূত্র বলছে, ১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরসহ জনপ্রিয় গন্তব্যগুলোতে তারা ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিভিন্ন দেশে করোনার কারণে এয়ারপোর্ট বন্ধ থাকা এবং উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে বাণিজ্যিক ফ্লাইটের ল্যান্ডিং-পার্কিং অনুমতি পাচ্ছে না বিমান। ফলে বিমানের ১৭টি রুটের মধ্যে বর্তমানে কেবল লন্ডন, আবুধাবি ও দুবাই রুটে ফ্লাইট চালু আছে। বাংলাদেশও সব দেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিচ্ছে না।

২২ জুলাই বিমানের চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়া যাবেন সেকেন্ড হোমের মালিকরা

আগামী ২২ জুলাই ঢাকা থেকে কুয়ালালামপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুরে যেতে পারবেন মালয়েশিয়ান নাগরিক, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের মালিক ও দেশটির সরকার অনুমোদিত বাংলাদেশিরা। গতকাল বৃহস্পতিবার বিমান জানিয়েছেন, ভ্রমণের পূর্বশর্ত হিসেবে কোভিড-১৯ নেগেটিভ থাকতে হবে। এছাড়া সে দেশে ল্যান্ডিংয়ের জন্য মানতে হবে মালয়েশিয়া সরকারের স্বাস্থ্যবিধি। ফ্লাইটে ইকোনমি ক্লাসে ভাড়া ২৮ হাজার ৫৭ টাকা এবং বিজনেস ক্লাসে ৪৫ হাজার ৬৭ টাকা। টিকিট কেনা যাবে বিমানের মতিঝিল, চট্টগ্রাম ও সিলেটের সেলস অফিস থেকে।

আজ ঢাকায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট শুরু

ঢাকা-ইস্তাম্বুল রুটে আবারও ফ্লাইট শুরু করছে টার্কিশ এয়ারলাইনস। আজ শুক্রবার ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যাবে তুরস্কের বিমান। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনামুক্তির সনদ লাগবে যাত্রীদের। টার্কিশ এয়ারলাইনসের ঢাকা কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, আজ? শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭১২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর টিকে ৭১৩ ফ্লাইটটি সকাল ৬টা ১০ মিনিটে যাত্রী নিয়ে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যাবে। প্রতিষ্ঠানটি জানায়, ঢাকা-ইস্তাম্বুল রুটে ৩ জুলাই থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালু করার প্রস্তুতি সম্পন্ন করে কর্তৃপক্ষ। কিন্তু তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পুনর্বিবেচনায় যাত্রী পরিবহনে সাময়িক বিরতির নতুন নির্দেশনা দেওয়া হয়। এতে ৩-১৬ জুলাই ফ্লাইট বন্ধ? থাকে। এসব ফ্লাইটের যাত্রীদের পরবর্তী ফ্লাইটগুলোয় তারিখের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট স্থানান্তর করবে টার্কিশ এয়ারলাইনস ঢাকা অফিস। ঢাকায় টার্কিশের কার্যালয়ের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরী বলেন, ঢাকা-ইস্তাম্বুল রুটে থাকছে ৩০০ আসনের বোয়িং-৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ।  বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী ২৫ শতাংশ আসন ফাঁকা রাখা হবে।

বিমানকে ১ কোটি টাকা জরিমানা করল সৌদি সরকার

সৌদি আরব সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিটি এয়ারক্রাফটের ভেতরে জীবাণুনাশক স্প্রে করা বাধ্যতামূলক। তাদের সেই বিধি না মেনে সৌদি বিমানবন্দরে যাওয়ার অপরাধে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ৪ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল (১ কোটি ২ লাখ টাকা) জরিমানা করেছে সৌদি সরকার। এ ঘটনার জন্য কারা দায়ী তা খুঁজে বের করতে গত ১১ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান। তবে কখন এই ঘটনা ঘটেছে তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। বিমান কর্তৃপক্ষ দাবি করছে, তিন বছর আগে ২০১৭ সালে ঘটনাটি ঘটেছে। আবর্তনের পর বিমানের ওই উড়োজাহাজে স্প্রে না করায়, ঘটনাটি নজরে আসামাত্র পরিদর্শনের পর  জরিমানা করে সৌদি কর্তৃপক্ষ। সেই ঘটনায় এতদিন পর তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।