বান্ধবীর সঙ্গে দেখা করে নিন্দিত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার!

ইংল্যান্ডের পেসারদের মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন জোফরা আর্চার। গত বছর তার হাত ধরেই বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। এরপর থেকেই দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছিলেন আর্চার। প্রথম টেস্টেও ইংল্যান্ডকে জয়ের আশা দেখিয়ে ছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্টের নিয়ম ভঙ্গ করে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে দল থেকেই বাদ পড়লেন!

১০০ মাইল গাড়ি চালিয়ে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ২৫ বছর বয়সি আর্চার। নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করে আর্চার বলেন, আমি যা করেছি তার জন্য খুবই দুঃখিত। আমার কৃতকর্মের জন্য শুধু আমি নই পুরো দল এবং ম্যানেজমেন্টকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। তিনি আরো বলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি আমি খুবই মিস করব। এই ম্যাচে বাদ পড়ে খুবই খারাপ লাগছে বিশেষ করে এখন সিরিজের যে অবস্থা। দুই দলের খেলোয়াড়দের বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি।

ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আর্চারকে এখন পাঁচ দিনের আইসোলেশনে থাকতে হবে। এরপর দুইটি পরীক্ষায় করোনা নেগেটিভ প্রমাণ করতে হবে। আইসোলেশনের সময়কাল শেষ হলেই তাকে করতে হবে করোনা পরীক্ষা।—ডেইলি মেইল