১৪ দলকে প্রতিষ্ঠানে পরিণত করেছেন মোহাম্মদ নাসিম

কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণসভায় বক্তারা বলেছেন, দলের ও দেশের প্রয়োজনে লড়াই করা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। মোহাম্মদ নাসিমের মতো নেতার কোনো মৃত্যু নেই। তিনি আজীবন মানুষের হূদয়ে বেঁচে থাকবেন। বুধবার রাতে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত মোহাম্মদ নাসিমের স্মরণে অনুষ্ঠিত এক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

তারা আরো বলেন, মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হিসেবে দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ১৪ দলকে সংগঠিত করেছেন। তিনি ১৪ দলকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার কারণেই ১৪ দল জাতীয় পর্যায়ে পরিচিতি পেয়েছে।

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম ১৩ জুন রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেন, মোহাম্মদ নাসিম ১৪ দলকে জাতীয় পর্যায়ে একটা বিরাট পরিচিতি দিয়ে গেছেন। তিনি অসুস্থ শরীর নিয়েই সারা দেশে ১৪ দলের কর্মসূচি বাস্তবায়ন করেছেন, দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেন, মোহাম্মদ নাসিমের অকাল মৃত্যু আমাদের কাঁদিয়েছে। তিনি আমাদের খুব প্রিয় এক জন সহকর্মী ছিলেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে আন্দোলন করেছি। অন্যদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারলেই মোহাম্মদ নাসিমের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। আর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মোহাম্মদ নাসিমের অকৃত্রিম আস্থা এবং বিশ্বাস ছিল। তার মৃত্যুতে আমরা আমাদের সংগ্রামের বিশ্বস্ত এক জন সঙ্গীকে হারালাম।

অন্যদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, সাম্প্রদায়িকতাবিরোধী সংগ্রাম, আগুন সন্ত্রাসবিরোধী সংগ্রাম সবকিছুতে সাহসের সঙ্গে রাজপথে নির্ভীক সৈনিকের ভূমিকা পালন করেছেন মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, মোহাম্মদ নাসিম শেখ হাসিনার বিশ্বস্ত হিসেবে দেশ ও জাতির  যেকোনো দুর্যোগময় মুহূর্তে দায়িত্ব পালন করে ১৪ দলকে সংগঠিত করেছেন। তিনি ১৪ দলকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন।  আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, মোহাম্মদ নাসিমকে হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ হারিয়ে ফেলল অসাম্প্রদায়িক আপাদমস্তক বর্ণাঢ্য রাজনৈতিক এক জন নায়ককে। আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, তার অবর্তমানে ১৪ দল এবং আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে এ ক্ষতি পূরণ হবার নয়।

আলোচনায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নূরুল আম্বিয়া, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণআজাদী লীগের এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের নেতা ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির নেতা ডা. শাহাদাত্ হোসেন, ন্যাপ নেতা ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।