বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৪ জনের প্রাণহানির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তদন্ত কমিটির প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
গত ২৯ জুন ঢাকা সদরঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মুন্সীগঞ্জ থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে আসা এমএল মর্নিং বার্ড নামে একটি ছোট লঞ্চ ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পর যে তদন্ত কমিটি গঠন করা হয় সংসদীয় কমিটি সেটির রিপোর্ট চেয়েছে। সংসদীয় কমিটি রিপোর্ট ও ঘটনাটি পর্যালোচনা করতে চায়, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।