ফরিদপুরের সাজ্জাদ রুবেলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত এবং তার ভাই ফরিদপুর প্রেসক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেলসহ ছয় জনের অ্যাকাউন্ট জব্দ করেছে বিএফআইইউ। আগামী ৩০ দিনের জন্য তাদের অ্যাকাউন্ট জব্দের আদেশ সম্প্রতি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এর আগে গত ২৬ জুন ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় মামলা করে সিআইডি। গত ৭ জুন ফরিদপুর থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার ক্ষমতাবলে ৩০ দিনের জন্য অ্যাকাউন্ট স্থগিত রাখতে হবে। চিঠিতে দুই ভাই ছাড়াও সাজ্জাদের স্ত্রী আফরোজা আক্তার পারভীন, তার শ্বশুর রেজাউল করিম পান্না, রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজ পুনম এবং শ্বশুর আবদুস সাদেক মুকুলের অ্যাকাউন্ট জব্দ রাখতে বলা হয়েছে। এদের সবার বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানায়।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ মে রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ১৮ মে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি হিসেবে গত ৭ জুন রাতে শহরের বদরপুরসহ বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেলসহ মোট ৯ জনকে অস্ত্রসহ গ্রেফতার করে। এরপর গত ২৬ জুন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে ঢাকার কাফরুল থানায় ২ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেন।