সাহেদসহ তিন জনকে আসামি করে দেবহাটা থানায় অস্ত্র আইনে র্যাবের মামলা

করোনার ভুয়া টেস্ট ও জাল সনদপত্র প্রদানসহ প্রতারণার বেশ কিছু অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের পর তাকেসহ তিন জনকে আসামি করে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র্যাব।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে প্রতারক সাহেদকে গ্রেফতারের পর রাতেই র্যাব-৬ এ সিপিসি-১-এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯ এ তত্সহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এর বি/এ ধারায় দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন (মামলা নং-০৫)। মামলায় সাহেদ করিমকে প্রধান আসামি, নৌকার মাঝি বাচ্চুকে পলাতক আসামি ও আরো একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, প্রতারণাসহ নানা অপকর্মের ঘটনায় ইতিপূর্বে প্রতারক সাহেদের বিরুদ্ধে দায়েরকৃত ৫৯টি মামলার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। যার মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ। সর্বশেষ করোনা ভাইরাসের ভুয়া টেস্ট ও জাল সনদ প্রদানের ঘটনায় র্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের দুইটি শাখা সিলগালা ও মামলা দায়ের হলে পালিয়ে বেড়াচ্ছিলেন আলোচিত প্রতারক সাহেদ।