কুষ্টিয়ায় করোনা আক্রান্ত অধ্যাপকের মৃত্যু

করোনায় কুষ্টিয়ার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হালসা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলী (৫৯) মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার অন্তর্গত আটিগ্রাম এলাকায়। তিনি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। 

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, সর্দি,কাশি ও জ্বরে  আক্রান্ত অধ্যাপক মোজাহার আলী ৮/১০ দিন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় গত ১২ জুলাই কুষ্টিয়া মেডিকেল হাসপাতালের পিসিআর ল্যাবরেটরির পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।  করোনা শনাক্ত রিপোর্ট পাওয়ার পর পরই পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একনাগাড়ে পাঁচ দিন চিকিৎসার এক পর্যায়ে বৃহস্পতিবার তিনি মারা যান। তার মৃত্যুতে কুষ্টিয়ার শিক্ষক মহলে  নেমে আসে শোকের ছায়া ।  এরিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগে ওই অধ্যাপকের মৃত্যুর বিষয়টি লিপিবদ্ধ হয়নি। তবে অধ্যাপক মোজাহার আলীর জ্যেষ্ঠ পুত্র অনিক তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হালসা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ইত্তেফাক/এমআরএম