রাজশাহীর মোহনপুরে দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মৌগাছি ইউপির চাঁদপুর গ্রামের নিজ বাড়ির পশ্চিমপাশের বাঁশবাগানে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রের নাম মোক্তার আলী (১৬)। সে ওই গ্রামের জয়নালের ছেলে এবং স্থানীয় বসন্তকেদার হাই স্কুল থেকে আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের পরিবার ও গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে মোক্তার বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর বাবা জয়নাল তাকে ফোনে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ি থেকে পশ্চিম দিকে প্রায় তিন গজ দুরে বাঁশ বাগানের ধারে তার রক্তাক্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্য ও স্থানীয়রা।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এসি