স্পোর্টস ডেস্ক
বার্সেলোনার লিগ শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদের লিগ জয়ের পরক্ষণে ওসাসুনার কাছে ২-১ ব্যবধানে হেরে তার ষোলোকলা পূরণ করেছেন লিওনেল মেসিরা। এর পর বার্সা অধিনায়ক নিজেদের সমালোচনা করে চাইলেন বড় পরিবর্তন। কোচ কিকে সেতিয়েনও বার্সায় নিজের ভবিষ্যত্ নিয়ে প্রকাশ করলেন অনিশ্চয়তা।
‘আমরা মৌসুমটাকে এভাবে শেষ করতে চাইনি কিন্তু এটাই সাক্ষ্য দেয় আমাদের মৌসুমটা কেমন কেটেছে!’। সরল স্বীকারোক্তি দিয়ে ম্যাচ-পরবর্তী সাক্ষাত্কার শুরু করা বার্সা অধিনায়ক জানান, এই বার্সা লড়াই করার মতো যথেষ্ট সবল নয়! মেসি বলেন, ‘আমরা খুবই উদভ্রান্ত ছিলাম মৌসুম জুড়েই। খুবই দুর্বল ছিলাম আমরা, আর তীব্রতাও ছিল না আমাদের খেলায়। প্রচুর পয়েন্ট খুইয়েছি আমরা, আজকের ম্যাচটা তার একটা নমুনামাত্র।’
বার্সা অধিনায়ক মনে করেন, এমন পারফরম্যান্স চলতে থাকলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ন্যাপোলির বিপক্ষেও হারবে তার দল। বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে অনেক পরিবর্তন প্রয়োজন। এভাবে চলতে থাকলে ন্যাপোলির বিপক্ষেও হারব। অনেক কিছু বদলাতে হবে আমাদের, সময় খুব একটা নেই আমাদের হাতে। তবে এখন একটা বিরতি পাব আমরা যেটা আমাদের দুর্ভাবনা ঝেড়ে ফেলতে সাহায্য করবে।’
মেসির বড় পরিবর্তন চাওয়ার কিছু সময় পরই কোচ সেতিয়েনের কাছে জিজ্ঞেস করা হয় নিজের ভবিষ্যত্ সম্পর্কে। সেতিয়েনের উত্তর, ‘চ্যাম্পিয়ন্স লিগেও নিজেকে বার্সা কোচ হিসেবে দেখতে চাইব, কিন্তু জানি না ভবিষ্যতে কী হতে চলেছে!’
অথচ ওসাসুনা ম্যাচের আগেও স্প্যানিশ কোচ নিজের ভবিষ্যত্ নিয়ে নিশ্চিতই ছিলেন! সেতিয়েন চ্যাম্পিয়ন্স লিগের আগেই বরখাস্ত হলে বার্সা বি দলের কোচ গার্সিয়া পিমিয়েন্তাকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন স্প্যানিশ মিডিয়ায়।