সংখ্যাতত্ত্বে রিয়াল মাদ্রিদের লিগ জয়

৩৪: রিয়ালের ৩৪তম লিগ শিরোপা এটি, যা লা লিগা রেকর্ডও। রিয়ালের চেয়ে বেশি লিগ জয়ের কীর্তি নেই আর কারো, ২৬টি লিগ নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

১১: ২০১৯-২০ মৌসুমের লিগ শিরোপা নিয়ে কোচ জিনেদিন জিদানের শিরোপাসংখ্যা দাঁড়াল ১১-তে। কোচ হিসেবে ক্লাবের হয়ে সর্বোচ্চ শিরোপাজয়ের কীর্তি ছুঁতে ফরাসি কোচের আর প্রয়োজন তিনটি শিরোপা। ১৪টি শিরোপা জিতে শীর্ষে আছেন কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজ।

১৯: শিরোপাপ্রতি কোচ জিদানের গড় ম্যাচ ১৯টি। রিয়ালের হয়ে ২০৬ ম্যাচেই তিনি জিতেছেন ১১টি শিরোপা। কমপক্ষে ১০টি শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ কোচদের মধ্যে সেরা গড় তারই! গড়ে প্রতি ৪৩টি ম্যাচে একটি শিরোপা জিতে দ্বিতীয় অবস্থানে আছেন মিগুয়েল মুনোজ।

২১: চলতি লিগ মৌসুমে রিয়ালের গোলদাতার সংখ্যা। ৩৬তম ম্যাচে সর্বশেষ গোলদাতা হিসেবে এ তালিকায় নাম লেখান ফেরলান্দ মন্ডি। চলতি শতাব্দীতে এক মৌসুমে কোনো দলের হয়ে এর চেয়ে বেশি গোলদাতার পা থেকে গোল আসার নজির নেই আর একটিও!

২২: ২০১৯-২০ লা লিগা শিরোপা নিয়ে মার্সেলো আর সার্জিও রামোসের শিরোপা সংখ্যা, যা ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে থাকা পাকো জেন্তোকে ছুঁতে রিয়ালের দুই ডিফেন্ডারের প্রয়োজন আর মাত্র একটি শিরোপা!