অনলাইনে আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

 

সারাবিশ্বে এখন করোনা সংকট চলছে। ধীরে ধীরে অনেকে শুটিংয়ে বা উত্সবে ফিরলেও এরইমধ্যে আবার অনেকে অনলাইনে নানা উত্সব আয়োজন করছেন। এবার সেই ধারায় যুক্ত হয়ে করোনাকালীন দুর্যোগের মধ্যেই আত্মপ্রকাশ করছে বাংলাদেশের নতুন চলচ্চিত্র উত্সব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’। আগামী ২৯ জুলাই শুরু হয়ে উত্সবটি শেষ হবে ৩১ জুলাই পর্যন্ত। দুর্যোগ বাস্তবতাকে মাথায় রেখে ৩ দিনব্যাপী এই উত্সবের সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে অনলাইন প্লাটফর্মে। এটি আয়োজন করেছে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের প্লাটফর্ম ‘স্টেপ ফর সিনেমা’। গতকাল উত্সব কমিটির চেয়ারপারর্সন অনন্যা রুমা এবং উত্সব পরিচালক দীপান্ত রায়হান কর্তৃক প্রেরিত এক যুক্ত বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

উত্সবে অংশ নিতে এরইমধ্যে সারাবিশের ৪৫টি দেশের ৬৫৬টি চলচ্চিত্র জমা পড়েছে। নানা ভাষা, দেশ ও সংস্কৃতির এসব চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উত্সবে প্রদর্শনের জন্য মনোনয়ন করা হবে। এতে যুক্ত থাকবেন বাংলাদেশ, ভারত ও ইরানের একঝাঁক তরুণ নির্মাতা।

প্রথম আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনয় শিল্পী, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র, শ্রেষ্ঠ চিত্রনাট্য, শ্রেষ্ঠ নিরীক্ষামূলক চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও বাংলাদেশের একজন খ্যাতিমান নির্মাতাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে উত্সবে। এছাড়াও নবীন-প্রবীণ নির্মাতাদের অংশগ্রহণে সেমিনার এবং আলোচনা সভার আয়োজন করা হবে। এগুলো পরিচালনা করবেন নির্মাতা শামীম আখতার, শবনম ফেরদৌসি ও সাদিয়া খালিদ রীতি।

উত্সবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন, অভিনেতা তারিক আনাম খান, সংগীতশিল্পী এসআই টুটুল, নির্মাতা শাহনেওয়াজ কাকলীসহ কানাডা, ইরান, তুরস্ক, নেপাল, ম্যাক্সিডোনাসহ ভারতের সাত নির্মাতা।