জয়পুরহাটে তাম্র মুদ্রা উদ্ধারসহ আটক ৬

জয়পুরহাট প্রতিনিধি

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৫০ লাখ টাকা মূল্যের ১৮৩৯ সালের একটি আসল ও একটি নকল তাম্র মুদ্রাসহ ছয় প্রতারককে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ছয়টি মোবাইল সেট, ১২টি সিম কার্ড, চারটি মেমোরি কার্ড জব্দ করা হয়। আটককৃতরা জানায়, তারা আসল মুদ্রা দেখিয়ে নকল মুদ্রা বিক্রি করত। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, সদর থানায় পুরাকীর্তি আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।