জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর ও কালাই উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাবুল হোসেন (২৫) ও মোজাফর হোসেন(৩৪)। পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার ঈশ্বরপুরে বাবুল হোসেন নিজ বাড়িতে অটোভ্যানের ব্যাটারিতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে চার্জ দিচ্ছিলেন। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। অপরদিকে একই সময় কালাই উপজেলার গাড়ইল তাল্লা গ্রামে বাড়ির পাশে বাঁশ কাটছিলেন মোজাফর হোসেন। এ সময় অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান ও কালাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।