নাটোরে ড. ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর সম্মতি আনন্দিত জেলাবাসী

নাটোর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি প্রদানের মাধ্যমে নাটোর সদরে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে আর কোনো বাধা রইল না। অনেক দিন ধরে প্রধানমন্ত্রীর কাছে নাটোরবাসীর এই দাবি ছিল। প্রধানমন্ত্রীর সম্মতির মাধ্যমে নাটোরে ঐ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপারমাত্র। নাটোরে ড. ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সংবাদে খুশি ও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে এ অঞ্চলে। ছাত্র-পেশাজীবী-কৃষিজীবী-সংবাদকর্মী-সুশীলসমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে এখন কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন। এজন্য তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছেন।

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল নাটোর সদরে ড. ওয়াজেদ আলী মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনে (ইউজিসি) প্রেরণ করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসিসহ সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছেন। তারা একমত হয়েছে যে, নাটোর যেহেতু জেলা সদর, সে কারণে নাটোর সদরেই হবে ঐ বিশ্ববিদ্যালয়। এজন্য তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানান। সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দৈনিক নাটোরের খবর পত্রিকার সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম ও নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম পৃথক ভাবে তাদের অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, এর ফলে অবহেলিত এ অঞ্চলের মানুষদের কৃষিবিষয়ে শিক্ষার পথ সুগম হবে।