পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছে। তার পরনে ছিল ফুল হাতা চেকশার্ট ও জিন্স প্যান্ট। বৃহস্পতিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। মোহাম্মাদপুর থানার এসআই সাজেদুল হক সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, রাতে মোহাম্মাদপুর থানা পুলিশের একটি টিম আসামি ধরতে বছিলা গার্ডেন সিটির বটতলা নদীর পাশে যায়। সেখানে যাওয়ার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পালটা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলের অদূরে ঐ ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয় নিহতের বুকে ও পেটে তিনটি রক্তাক্ত জখম ছিদ্র ও পিঠে তিনটি ছিদ্র রয়েছে।