করোনায় রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যু দাফন কাল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তার সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে অধ্যাপক আবদুল হাইয়ের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং শুভার্থী রেখে গেছেন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম।

জানা গেছে, করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করান অধ্যাপক আবদুল হাই। এ পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হলে তিনি তিন দিন হোম আইসোলেশনে থাকেন এবং ৫ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক     হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তার সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের নামাজে জানাজা ও তার লাশ দাফন হবে আগামীকাল রবিবার। ঐ দিন বাদ জোহর কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা সদরে কামালপুর গ্রামে তার জানাজা ও পারিবারিক গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। জানাজা ও দাফন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৯৬ সালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হলে আবদুল হাই তার সহকারী একান্ত সচিব হিসেবে যোগ দেন। মো. আবদুল হামিদ স্পিকার এবং পরে রাষ্ট্রপতি হওয়ার পরও আবদুল হাই সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

প্রধানমন্ত্রীর শোক

বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মো. আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানান।

জেপির  শোক

মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তার সহকারী একান্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবদুল হাইয়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। শোক বার্তায় নেতৃদ্বয়, মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।