ইত্তেফাক ডেস্ক
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতনি প্রিন্সেস বিট্রিস অতি গোপনীয় এক অনুষ্ঠানে উইন্সর ক্যাসলে বিয়ে করলেন। তার স্বামী ইতালির ধনকুবের এডোয়ার্দো ম্যাপেলি মোজ্জি। বিয়ের সময় ক্যাসলে রানি এলিজাবেথ উপস্থিত ছিলেন। রাজপ্রাসাদের ভেতরেও বিয়ের বিষয়টি তেমন জানাজানি হয়নি। সাংবাদিকদের কাছেও বিষয়টি চেপে রাখার চেষ্টা করা হয়। কিন্তু ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকাগুলোর সাংবাদিকদের চোখ কিংবা কান ফাঁকি দেওয়া অত সহজ নয়! তারা ঠিকই হাড়ির খবর বের করে এনেছে! হয়তো করোনা পরিস্থিতির কারণে বিয়ের খবরটি চেপে রাখতে চেয়েছিল রাজপরিবার। কিন্তু যেভাবে হোক মিডিয়ার কানে সেটি ঠিকই পৌঁছে গেল।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, রাজপরিবারের ইতিহাসে এই কোনো নারী ‘সত্-মা’ হলেন। অর্থাত্ বিট্রিসের স্বামীর আগের বিয়ে এবং সন্তান আছে। রাজপ্রাসাদ সূত্র ব্রিটিশ গণমাধ্যমে জানায়, গোপন বিয়ের সময় রানি এলিজাবেথ ছাড়াও তার স্বামী প্রিন্স ফিলিপ উপস্থিত ছিলেন। কনের বাবা-মাও উপস্থিত ছিলেন। কিন্তু বোন প্রিন্সেস ইউজনি এসেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। গত ২৯ মার্চ বাগ্দান হলেও করোনার কারণে বিয়ের পরিকল্পনা স্থগিত করা হয়েছিল। করোনা মহামারি ঠেকাতে দেশ জুড়ে সাধারণ নাগরিকদের জন্য বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে স্বয়ং প্রিন্সেসের বিয়ের খবর সাধারণ নাগরিকদের কাছে ভুল বার্তা দিতে পারে। এ কারণেই অতি গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছে। স্বাভাবিকভাবেই বিয়ের ছবি আপাতত প্রচার করবে না রাজপরিবার। জানা গেছে, ৩১ বছর বয়সি প্রিন্সেস বিট্রিস এবং তার স্বামী দীর্ঘকালীন পারিবারিক বন্ধু ছিলেন। ২০১৮ সালের অক্টোবর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।