টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত

টেকনাফ (কলক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ চট্টগ্রামের চন্দনাইশের দুই ভাই নিহত এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শুক্রবার ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ধৃত আসামির স্বীকারোক্তিতে মাদক পাচারের সংবাদ পেয়ে টেকনাফের চকবাজার এলাকায় অভিযানে যায়। এ সময় মাদক বহনকারী চক্রের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই মাযহারুল, কনস্টেবল দিন ইসলাম ও আমজাদ হোসেন আহত হন। তখন পুলিশও আত্মরক্ষার্থে পালটা গুলিবর্ষণ করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি অস্ত্র ও ১১টি বুলেটসহ গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রামের চন্দনাইশের আমিনুল হকের পুত্র মো. ফারুক (৩৭) ও আজাদুল হককে (২৪) উদ্ধার করা হয়।

পরে আহত সবাইকে চিকিত্সার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত               পুলিশ সদস্যদের চিকিত্সা দেওয়ার পর গুলিবিদ্ধ মাদক কারবারি সিন্ডিকেট সদস্য সহোদরদের উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তারা মারা যায়। লাশ মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।