যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর অফিস

শুক্রবার যশোর শহরের পূর্ব বারান্দিপাড়ায় আলাউদ্দিন (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত আলাউদ্দিন শহরের আরবপুর এলাকার শুকুর আলীর ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আলাউদ্দিন পূর্ব বারান্দিপাড়ায় যায়। সেখানে মালোপাড়ার মদন কুমারের বাড়ির পাশে পৌঁছানোর পরপরই দুর্বৃত্তরা আলাউদ্দিনকে ধাওয়া করে লিচুতলা ব্রিজের কাছে নিয়ে যায়। সেখানে আলাউদ্দিনের বুকের দুই পাশে ধারালো ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে তারা পালিয়ে যায়। আলাউদ্দিনের চিত্কারে স্থানীয়রা এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। চিকিত্সক ডা. দেলোয়ার বলেন, হাসপাতালে আনার আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।

সদর ফাঁড়ির ইন্সপেক্টর তুষার মণ্ডল জানান, নিহত আলাউদ্দিন পেশায় একজন চোর। বারান্দিপাড়া এলাকার শুভ নামে আর এক চোরের সঙ্গে আলাউদ্দিনের চোরাই মালামাল বিক্রির টাকা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরেই চোর শুভর নেতৃত্বে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে আলাউদ্দিনকে খুন করেছে।