শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়ালেও রেড জোন শিবচরে করোনামুক্ত পুলিশ। পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুরু থেকেই জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় ছয় বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে কোনো অভিজ্ঞতা না থাকলেও বিদেশে ও দেশে প্রচারিত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত কোভিড-১৯ নিয়ন্ত্রণের উপায় জেনে সঙ্গীয় ফোর্স নিয়ে করোনার বিরুদ্ধে মাঠে নামেন শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ। পর্যাপ্ত স্বাস্থ্য সরঞ্জাম না থাকলেও মনোবল ও সাহসকে পুঁজি করে জনসচেনতায় প্রতিটি গ্রামে ছুটে যায় পুলিশ। উপজেলা প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারে মাইকিং ও লিফলেট বিতরণ শুরু করে। করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে ইউরোপ ও আমেরিকায় কী অবস্থা তার চিত্র প্রদর্শন করে জনগণকে ঘরে থাকার অনুরোধ জানান। স্বাস্থ্যবিধি মেনে চলতে উত্সাহিত করেন। বিদেশ থেকে আগত বিপুলসংখ্যক প্রবাসীর হোম-কোয়ারেন্টাইন নিশ্চিত করেন। থানায় আগত সেবা প্রার্থীদের সামাজিক দূরত্ব, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশের মনোবল চাঙ্গা রাখতে বিনোদনের ব্যবস্থা করা হয়।
মাদারীপুর সিভিল সার্জন মো. শফিকুল ইসলাম বলেন, শুক্রবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৩ জন। কিন্তু শিবচর থানার ওসিসহ সেখানে কর্মরত ৮৫ পুলিশ সদস্য এখনো করোনা মুক্ত বলে জানান জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।