এবার স্বাস্থ্যবিধি মেনে চিত্র প্রদর্শনী উদ্বোধন

শুরু হয়েছে ১২ দিনব্যাপী যৌথ চিত্র প্রদর্শনী ‘ব্রেকিং দ্য সাইলেন্স’। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর শিল্পাঙ্গন গ্যালারিতে করোনাকালীন স্বাস্ব্যবিধি মেনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদর্শনীতে অংশ নেওয়া ছয় শিল্পী আফরোজা জামিল কংকা, আজমির হোসেন, কামাল উদ্দিন, অনুকুল মজুমদার, মন্জুর রশিদ ও তারেক আমিন।

অনুষ্ঠানে শিল্পী বসির আমীন বলেন, এই বৈশ্বিক মহামারিতে আমরা দীর্ঘ সময় ঘরে বন্দি আছি। এই নিরবতা আমাদেরই ভাঙতে হবে। শিল্পীদের ছবিতে উঠে এসেছে প্রকৃতি। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা নিজেরাই করোনাকালে তাদের অভিজ্ঞতা ও দৈনন্দিন জীবনের গল্প বলেন। শিল্পাঙ্গনের পক্ষে রুমী নোমান বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা ছাড়া কোনো উপায় নেই। এ কারণে স্থবির সময়কে সচল করার লক্ষ্যে চিত্রশিল্পীরাও এগিয়ে এসেছে।

প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ৩২টি চিত্রকর্ম। প্রদর্শনী ১৮ জুলাই থেকে ২৯ জুলাই বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।