করোনার টেস্ট কেলেঙ্কারিসহ স্বাস্থ্য খাতের অনিয়ম-দুর্নীতি উদ্ঘাটনে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। এইচ এম এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানিয়ে তিনি বলেন, যাতে কমিটির পরামর্শে দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়।
জি এম কাদের বলেন, দেশে করোনা টেস্ট নিয়ে মারাত্মক কেলেঙ্কারি হয়েছে। এখন আর বিদেশে আমাদের দেশের করোনা টেস্টের রিপোর্ট গ্রহণ করা হয় না। করোনা টেস্টের ভুয়া রিপোর্টের জন্য বিদেশে বাংলাদেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। সুস্থ হয়েও দেশে আটকে পড়া প্রবাসীরা বিদেশে যেতে পারছেন না। ভুয়া টেস্ট করে যারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যারা অচল মেশিন সরবরাহ করে টাকা আত্মসাত্ করেছে তাদের উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, অপরাধীরা গ্রেফতার হয়ে হাসপাতালে আরামে থাকে, আবার মাস পার হলেই জামিনে মুক্তি পেয়ে কোট-টাই পরে ঘুরে বেড়ায়। তাই অপরাধপ্রবণতা কমছে না। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে অপরাধ ও দুর্নীতি কমবে না।
ছাত্রসমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় স্মরণ সভায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাও বক্তব্য রাখেন।