‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ - ভারতের এই উন্নয়নমূলক নীতিটি কাউকে পিছনে না রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সভায় উচ্চ পর্যায়ের অধিবেশনে মূল ভাষণে কথা গুলো বলেন তিনি।
১৭ই জুন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের সদস্য দেশগুলির উদ্দেশে এই প্রথমবার ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। এ বছর ইকোসকের সভার মূল প্রতিপাদ্য 'কোভিড-১৯ পরবর্তী বহুপাক্ষিকতা: ৭৫তম বার্ষিকীতে আমাদের কেমন জাতিসংঘ প্রয়োজন'।
নরেন্দ্র মোদি কোভিড-১৯ পরবর্তী বিশ্বে 'বহুপাক্ষিক সংস্কারের' পক্ষে পুনরায় ভারতের আহ্বানের কথা তুলে ধরেন যা সমসাময়িক বিশ্বের বাস্তবতাকে প্রতিফলিত করে। তিনি বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ ইকোসক এবং জাতিসংঘের উন্নয়নমূলক কাজের সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন।
ভারতের এই বিশাল জনসংখ্যার আর্থ-সামাজিক সূচক উন্নয়নে সাফল্য বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে বলে মন্তব্য করে মোদি অন্যান্য উন্নয়নশীল দেশগুলির টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে ভারতের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন।
তিনি 'স্বচ্ছ ভারত অভিযানের' মাধ্যমে সাফাই কার্যকলাপে উন্নতি, নারীর ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং 'সকলের আবাসন' ও 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের মতো জন কল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে আবাসন ও স্বাস্থ্য পরিষেবা সহ চলমান একাধিক উন্নয়নমূলক প্রয়াস তুলে ধরেন।
অবশ্য এই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সময় পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব যেনো ভুলে না যাই নেই আহ্বানও জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি পরিবেশগত স্থায়িত্ব এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গির বিষয়ে আলোকপাত করেন এবং আন্তর্জাতিক সৌর জোট ও দুর্যোগ প্রতিরোধ অবকাঠামো প্রতিষ্ঠায় ভারতের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন।
নিজের পার্শ্ববর্তী অঞ্চলকেই অগ্রাধিকার দান প্রসঙ্গে ভারতের ভূমিকার কথা বলতে গিয়ে মোদি বিভিন্ন দেশকে ওষুধ সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে তার দেশের সরকারি এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির সহায়তা প্রদান ও সার্কভুক্ত দেশগুলির মধ্যে একটি যৌথ কৌশলগত প্রতিক্রিয়া সমন্বিত করার কথাও উল্লেখ করেন তার বক্তব্যে।
২০১৬ সালের জানুয়ারিতে ইকোসকের ৭০তম বার্ষিকীতে প্রথমবারের মত মূল ভাষণ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয়বারের মত এই মঞ্চে মূল ভাষণ প্রদান করলেন তিনি।
ইত্তেফাক/আরএ