পাহাড়ে আবারও গুলি, পিসিপি নেতা গুলিবিদ্ধ

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জেএসএস সমর্থীত সাবেক পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতাকে করে গুলি করার ঘটনা ঘটেছে। তার ডান পায়ে দুটি গুলি লেগেছে। শনিবার সকাল ৯টার দিকে শিলাছড়ি এলাকা তংতুল্লা পাড়ায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ওই যুবকের নাম ঊষা মারমা (২৬)। তিনি তংতুল্লা পাড়ার কংচাইরি মারমার ছেলে। ঊষা মারমা এর আগে জেএসস (শন্তু গ্রুপ) এর পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি ছিলেন।

সূত্র জানায়, তংতুল্লা পাড়ায় একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় একদল সন্ত্রাসী এলোপাথাড়ি গুলি ছুঁড়লে পালানোর সময় ঊষা মারমা গুলিবিদ্ধ হয়। পরিবারের দাবি, ঊষা এখন কোনো পার্টির সঙ্গে জড়িত নয়। 

গুলি ঘটনায় আহত ঊষাকে দ্রুত লক্ষ্মীছড়ি হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তার ডান পায়ে দুটি গুলি বিদ্ধ হয়েছে। এখানে আধুনিক সরঞ্জামা না থাকায় চমেকে প্রেরণ করা হয়েছে। তবে হাসপাতালে আসার আগে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। 

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবীর জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

ইত্তেফাক/এসি