পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে পরাস্তে চীনের অর্থনৈতিক আক্রমণ

বিশ্বে যুক্তরাষ্ট্রকে পরাশক্তি হিসেবে পরাস্ত করতে ‘কঠিনভাবে অর্থনৈতিক ঝটিকা আক্রমণ’ করতে যাচ্ছে চীন। 

বৃহস্পতিবার মিশিগানে এক বক্তৃতায় এই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। 

তিনি বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টি এখন অর্থনৈতিক ঝটিকা আক্রমণে জড়িত। বিশ্বব্যাপী অর্থনীতির নেতৃত্ব দখল করার জন্য আগ্রাসী তারা। চীন চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে নিজেদের ‘প্রধান পরাশক্তি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে।’

মার্কিন অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা পরিষ্কার যে, চীন কেবলমাত্র শিল্প অর্থনীতিতে যোগ দিতে চায় না, বরং তারা এসব পুরোপুরি প্রতিস্থাপন করতে চায়।’

তিনি চীনের প্রতি যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতার বিরুদ্ধে কথা বলেন। বিশেষ করে চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় পণ্যর জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন সংস্থাগুলোকে চীনা চাপমুক্ত থাকতেও বলেন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যদি ডিজনি এবং অন্যান্য আমেরিকান কর্পোরেশনগুলো বেইজিংয়ের কাছে মাথা নত করা অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে তাদের প্রতিযোগিতা এবং উন্নতি ঝুঁকির মধ্যে পড়ে যাবে।’ খবর: এএনআই

ইত্তেফাক/জেডএইচ