বিনোদন রিপোর্ট
জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। প্রাণে রক্ষা পেলেও মানসিকভাবে সুস্থ স্বাভাবিক হতে পারছেন না তিনি। শুক্রবার সকালে পূবাইলে ঈদের নাটকের শুটিংয়ে যাওয়ার সময় মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী শাহনাজ খুশি। তাকে নিয়ে যাওয়া গাড়িটিকে কার্গো ধাক্কা দিলে সেই গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যক্রমে প্রাণে বাঁচেন খুশি। খুশি বলেন, ‘সবার দোয়ায় প্রাণে বেঁচে গেছি। গাড়ির পেছনে একটি ট্রাক না থাকলে আমার ওপর দিয়েই চলে যেত গাড়ি। কার্গোটি উল্টো দিক থেকে আসছিল। সেটা দেখার পর আমার ড্রাইভার গাড়ি থামিয়ে দিলেও কাজ হয়নি। কার্গোটি এসে আমার গাড়িকে ধাক্কা দেয়। পেছনে ট্রাক থাকায় সেটা ধাক্কা ঠেকায়। না হলে কার্গো আমার গাড়ির ওপর দিয়েই হয়তো চলে যেত।’ পূবাইল যাওয়ার পথে মাজুখান বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পূবাইলে খুশি সাগর জাহান পরিচালিত নসু ভিলেন সিরিজের ধারাবাহিকে শুটিংয়ের জন্য যাচ্ছিলেন। এই নাটকের মধ্য দিয়ে ৪ মাস পর অভিনয়ে ফেরেন তিনি। এতে আরো অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, আরফান আহমেদ, অপর্ণা ঘোষ ও তানজিকা আমিন। নাটকটির দ্বিতীয় দিনের শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এ অভিনেত্রী।
এ প্রসঙ্গে খুশি বলেন, ‘কার্গোর ধাক্কায় ড্রাইভার বাম সাইডের সিটে সিটকে পড়েন। আমি তো পেছনে ছিলাম। তিন সিটের একটা সিট স্কুইজ করে ভেতরে ঢুকে গেছে। একা না থাকলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়! আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে, আমি বেঁচে আছি, ভালো আছি!